আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক হাসান মাহমুদ এবার জায়গা করে নিয়েছেন আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের মনোনয়নে। আগস্ট মাসের সেরা পুরুষ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের এই পেসারের সঙ্গে আছেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা ও ইংল্যান্ডের ওলি রবিনসন। আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের ৯ উইকেটের ঐতিহাসিক জয়ে বড় অবদান রাখেন হাসান। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৩ উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার। তার দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও ওঠে হাসানের হাতে। ডারউইনে সেই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। পাশাপাশি দুই ম্যাচের সিরিজে ১০ ব্যবধানে এগিয়ে যায় দল। শেষ পর্যন্ত সিরিজ ১১ সমতায় শেষ হলেও ডারউইনের জয়টি বাংলাদেশের ক্রিকেটে ঐতিহাসিক হয়ে থাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই পারফরম্যান্সের প্রভাব পড়েছে হাসানের র‌্যাঙ্কিংয়েও। আগস্টে টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে ৩৮তম অবস্থানে উঠে আসেন তিনি। মাসটি শেষ করেন ১৯.৭৭ গড়ে ৯ উইকেট নিয়ে। হাসানের সঙ্গে মনোনয়ন পাওয়া সোনাল দিনুশাও আগস্টে টেস্টে দুর্দান্ত সময় কাটিয়েছেন। ভারতের বিপক্ষে সিরিজে ৪২০ রান করেছেন তিনি। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে ১৬ উইকেট নিয়ে মাসসেরা হওয়ার দৌড়ে আছেন ওলি রবিনসন। আইসিসির স্বাধীন ভোটিং একাডেমি ও ক্রিকেটপ্রেমীদের ভোটে নির্বাচিত হবেন আগস্টের সেরা খেলোয়াড়। ভোটের ৯০ শতাংশ থাকবে ভোটিং একাডেমির হাতে, বাকি ১০ শতাংশ দিতে পারবেন আইসিসিতে নিবন্ধিত ভক্তরা।

পূর্ববর্তী নিবন্ধসিপিএল অভিষেকে মিরাজের ৩ উইকেট, জয় পেল গায়ানা
পরবর্তী নিবন্ধকোয়ার্টার ফাইনালে রেলওয়ে কলোনি, চর চাক্তাই, বেপজা পাবলিক ও সালেহ জহুর