অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণায় ২-৩শ চীনা ও তাইওয়ানি নাগরিক

কক্সবাজারে ছয় চীনা নাগরিক গ্রেপ্তার ১৯৩৮ আইফোন, ৫০ মনিটর, ৪৪ সিপিইউ জব্দ

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

কক্সবাজার থেকে চীনের ছয়জন নাগরিককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাতে এক সাঁড়াশি অভিযানে শহরের কলাতলী এলাকার হোটেল সিপ্যালেস’সহ কয়েকটি রিসোর্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে এক হাজার ৯৩৮টি আইফোন, বেশ কয়েকটি ল্যাপটপ ও কম্পিউটার এবং চীনের পুলিশের র‌্যাঙ্ক ব্যাজ ও পুলিশের লোগোযুক্ত টাই জব্দ করা হয়। সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, চক্রটি সাগরের তীরঘেঁষা রিসোর্টগুলোর সাউন্ডপ্রুফ কক্ষে বসে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণা চালিয়ে আসছিল।

তিনি জানান, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক মেরিন ড্রাইভের বিভিন্ন রিসোর্ট ভাড়া নিয়ে অনলাইনে সাইবার অপরাধ পরিচালনা করছিলগোয়েন্দা তথ্যে এমন সংবাদ পায় পুলিশ। এর ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। পরে হোটেলের একটি হলরুম থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৫০টি মনিটর, ৪৪টি সিপিইউ, ৩০টি কিবোর্ড ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। অনলাইন প্রতারণার অভিযোগে হাতেনাতে আটক হওয়া ৬ চীনা ও তাইওয়ানিজ নাগরিককে গ্রেপ্তারের পর পুলিশ রামু থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬এর ২১, ২২, ২৪ ও ২৭ ধারায় মামলা দায়ের করেছে। একই ঘটনায় আরও চারজনকে পলাতক এবং ২৫০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানিজ নাগরিককে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার আদালতে মাধ্যমে গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিদেশি নাগরিকের ছিনতাই হওয়া আইফোন দুই ঘণ্টায় উদ্ধার
পরবর্তী নিবন্ধকরিমকে ফোন করে ডেকে নিয়েছিল খুনিরা : পরিবারের দাবি