শারদীয় দুর্গোৎসবে আজ মহানবমী

মহাঅষ্টমীতে কুমারীপূজায় মাতৃশক্তির বন্দনা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২৬ at ৬:৫৭ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গোৎসবে আজ মহানবমী। আজ সকালে শুরু হবে মহানবমী বিহিত পূজা। মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার ক্ষণ। এদিনকে দুর্গাপূজার অন্তিম দিনও বলা হয়। আজ মহানবমীতে সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহাআরতি’ করা হয়। মূলত ‘সন্ধিপূজা’ শেষ হলে শুরু হয় মহানবমী তিথি। ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার মহানবমী পূজা। মণ্ডপে মণ্ডপে ভক্তদের মধ্যে বইবে বিষাদের সুর। আগামীকাল বুধবার বিজয়া দশমী ও বিসর্জনের পর্ব। বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

মহাঅষ্টমীর কুমারী পূজা : গতকাল মহাঅষ্টমী তিথিতে চট্টগ্রাম নগরীর পাথরঘাটার রাধাগোবিন্দ শান্তনেশ্বরী মাতৃমন্দিরে অনুষ্ঠিত হয়েছে কুমারীপূজা। এখানে তিন শিশুকে দেবীরূপে পূজার মধ্য দিয়ে সম্পন্ন হয় এ ধর্মীয় আচার।

গতকাল সকাল সাড়ে ১০টায় নগরীর পাথরঘাটা রাধাগোবিন্দ শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারী পূজার আয়োজন করা হয়। এবার মাতৃশক্তি ও পবিত্রতার প্রতীক রূপে তিনজন কুমারীকে দেবী রূপে পূজা করা হয়। উমা, মালিনী ও অপরাজিতা রূপে পূজিত হন তিন শিশু রাধেশ্রী দত্ত বৃন্দা, ঋত্ত্বিকা দাশ ও অদিশ্রী কর। ফুল, চন্দন, বেলপাতা ও তুলসীপাতা দিয়ে শুরু হয় পূজা–অর্চনা। কয়েকশ পুজার্থী মন্দিরে সমবেত হয়ে কুমারী পূজা দেখেন।

নবমী তিথি শুরু হয় সন্ধিপূজা দিয়ে। সন্ধিপূজা হয় অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমীর সূচনার প্রথম ২৪ মিনিট জুড়ে। মূলত দেবী চামুন্ডার পূজা হয় এই সময়ে। ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে।

আজ দূর্গাপূজার মহানবমীতে মন্ডপে ভিড় বাড়বে। ভক্তদের অন্তরে বিষাদের সুর বেজে উঠবে। সন্ধ্যার পরপরই মন্ডপে মন্ডপে সন্ধ্যা আরতী শুরু হবে। চলবে গভীর রাত পর্যন্ত।

চলতি বছর চট্টগ্রাম নগরীর ২৯৪টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুক্রবার শুরু হয় সার্বজনীন দুর্গোৎসব। আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হবে।

পূর্ববর্তী নিবন্ধলবণের ন্যূনতম মূল্য নির্ধারণ,প্রতি মণ ৪২৫ টাকা
পরবর্তী নিবন্ধতথ্য গোপন করে নেওয়া জামিন বাতিল, সেই শিশুটি কারাগারে