চট্টগ্রাম নগরের বায়েজীদ বোস্তামী থানা পুলিশের অভিযানে ফিলিপাইনের এক নাগরিকের ছিনতাই হওয়া আইফোন দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা মুঠোফোনটি ওই বিদেশি নাগরিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে নগরের অক্সিজেন মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বিদেশি নাগরিকের নাম এইম ই ডিরাটো (৩৮)। তিনি ফিলিপাইনের নাগরিক।
পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড় দিয়ে যাওয়ার সময় এইম ই ডিরাটোর ব্যাগ থেকে তাঁর ব্যবহৃত আইফোনটি ছিনিয়ে নেওয়া হয়। পরে তিনি বিষয়টি বায়েজীদ বোস্তামী থানায় গিয়ে পুলিশকে জানান।
অভিযোগ পাওয়ার পর বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিনতাই হওয়া মুঠোফোনটি দ্রুত উদ্ধারের জন্য অক্সিজেন পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাহার মিয়াকে দায়িত্ব দেন। এরপর পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া আইফোনটি উদ্ধার করা হয়। পরে সেটি ভুক্তভোগী বিদেশি নাগরিকের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশকে দেওয়া তথ্যে এইম ই ডিরাটো জানান, তিনি সাত দিনের ভ্রমণে ফিলিপাইন থেকে বাংলাদেশে এসেছেন। গত পরশু থেকে তিনি চট্টগ্রাম নগরের একটি হোটেলে অবস্থান করছেন। আজ রাঙামাটি যাওয়ার পথে অক্সিজেন মোড়ে তাঁর ব্যবহৃত মুঠোফোনটি ছিনতাই হয়।
মুঠোফোনটি এত দ্রুত উদ্ধার হবে, তা তিনি কল্পনাও করেননি বলে পুলিশকে জানান। মুঠোফোন ফিরে পেয়ে তিনি বাংলাদেশ পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।
এইম ই ডিরাটো বাংলাদেশ পুলিশের সেবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।
বায়েজীদ বোস্তামী থানা পুলিশ জানিয়েছে, বিদেশি নাগরিকের অভিযোগ পাওয়ার পর নিয়মিত কাজের অংশ হিসেবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। অল্প সময়ের মধ্যে ছিনতাই হওয়া মুঠোফোনটি উদ্ধার করা সম্ভব হয়েছে।












