বাংলাদেশকে হারিয়ে ভারত বেগম খালেদা জিয়া নেশন্স ট্রফির ফাইনালে উঠেছে। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে সোমবার টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৪৭–১৩ গোলে হারে বাংলাদেশ। একাই ১৩ গোল করে ম্যাচসেরা হন ভারতের ভাবনা। ভারতের মেয়েদের উচ্চতা আর গতির কাছে পরাস্ত হয় বাংলাদেশের মেয়েরা। ম্যাচ শুরুর পর থেকেই ভারতের একচ্ছত্র আধিপত্যে পিছিয়ে যেতে থাকল বাংলাদেশ। প্রথমার্ধে ২৪–৮ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিক মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে ভারত হারায় মালদ্বীপকে। পরপর দুই ম্যাচ জেতায় এক ম্যাচ বাকি থাকতেই ফাইনালে ওঠে ভারতের মেয়েরা। আজ তারা মুখোমুখি হবে নেপালের। বাংলাদেশ এদিন হারলেও ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায়নি। লিগ পর্বের শেষ ম্যাচে আজ মালদ্বীপকে হারাতে পারলেই ফাইনালে ভারতের সঙ্গী হবে বাংলাদেশ। আজ দুপুর ২টায় দিনের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেপাল।
আর বিকেল ৪.৩০ মিনিটে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। এদিকে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরেছে নেপাল। মালদ্বীপকে ২৪–১৮ গোলে হারিয়েছে দলটি। নেপালের জয়ে বড় অবদান রেখে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বিমলা তামাং।












