অভিবাসীদের জনশক্তিতে রূপান্তরিত করতে হলে তাঁদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে

বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালায় বক্তারা

| শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৩৯ পূর্বাহ্ণ

বিদেশফেরত অভিবাসীদের যথাযথ সেবা প্রদান ও সমাজে তাঁদের পুনরেকত্রীকরণ নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে সরকারিবেসরকারি সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, প্রবাসীদের দক্ষতাকে কাজে লাগিয়ে তাঁদের জন্য স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে পতেঙ্গায় স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন ও বিজিএমইএ ভবনে আয়োজিত ‘বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। সুইজারল্যান্ডের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) প্রণয় চাকমা বলেন, ‘বর্তমান সময়ে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। বিদেশফেরত অভিবাসীদের জনশক্তিতে রূপান্তরিত করতে হলে তাঁদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক চট্টগ্রামের জেলা সমন্বয়ক মো. ইনামুল হাসান। তিনি বলেন, ‘অভিবাসীদের দক্ষতা ও শিক্ষা অনুযায়ী কাজ নিশ্চিত করা প্রয়োজন। অনেকেই বিদেশে যে কাজ করেন, দেশে ফিরে সামাজিক মর্যাদার ভয়ে একই কাজ করতে চান না। ফলে তাঁরা বেকার হয়ে পড়েন।’ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্বয়ক সাজেদা আনজুম আনিকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয় চট্টগ্রামের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা, চট্টগ্রামের প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মুহাম্মদ আতিকুল আলম, চট্টগ্রামের উপপ্রধান তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী, জেলা তথ্য অফিস চট্টগ্রামের পরিচালক আয়েশা ছিদ্দিকা, হালিশহর সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ আলমগীর , পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের উপকর্মকর্তা মো. আইয়ুব।

এ ছাড়া কর্মশালায় স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার,ব্রাইট বাংলাদেশের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, প্রত্যাশীর সহকারী পরিচালক মো. সেলিম, ৪০ নম্বর ওয়ার্ডের সচিব নেজাম উদ্দীন, ৩৯ নম্বর ওয়ার্ডের রাজস্ব কর্মকর্তা আলী আকবর, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরসি কোঅর্ডিনেটর মো. আব্দুর রহিমসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি কৃষি উন্নয়ন প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম লংমার্চকে স্বাগত জানিয়ে জামায়াতের র‌্যালি