ঢাকার হত্যা মামলার প্রধান হোতা কক্সবাজারে গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদে শংকর চন্দ্র মণ্ডল (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার মামলায় প্রধান আসামি মো. ওয়াজেদ হাজীকে (৫০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব–১৫ এর সদস্যরা। বুধবার রাত ৮টা ৫৫মিনিটে কক্সবাজার সদর থানার কলাতলী ডলফিন মোড়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব–৪ ও র‌্যাব–১৫–এর যৌথ অভিযানে আত্মগোপনে থাকা ওয়াজেদ হাজীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব–১৫ এর তথ্য অনুযায়ী, ধামরাইয়ের পশ্চিম কায়েতপাড়া এলাকায় ওয়াজেদ হাজীর ভাড়া নেওয়া একটি রাইস মিল থেকে বৈদ্যুতিক পানি তোলার মোটর চুরি হয়। এ ঘটনায় শংকরকে সন্দেহ করে গত ৮ আগস্ট রাতে তাকে রাইস মিলের কার্যালয়ে ডেকে নেওয়া হয়।মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সেখানে শংকরের হাত–পা বেঁধে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরদিন শংকরকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু আর্থিক সংকটের কারণে পরিবারের সদস্যরা তাকে ঢাকায় নিতে পারেননি। পরে বাড়িতে চিকিৎসাহীন অবস্থায় ১৫ আগস্ট ভোরে শংকর মারা যান। শংকরের মৃত্যুর পর থেকেই ওয়াজেদ হাজী পলাতক ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধলংমার্চ সফল করে জনগণ ৬ দফা মানতে সরকারকে বাধ্য করবে
পরবর্তী নিবন্ধখাটিয়ায় ১৫ টুকরো করা হয় মরদেহ