ফটিকছড়িতে বাড়ির মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার দক্ষিণ সুন্দরপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু আপন চাচাতো–জেঠাতো ভাই। তারা হলো দক্ষিণ সুন্দরপুর গ্রামের সিকদার বাড়ির প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহেদ (৮) ও একই বাড়ির প্রবাসী আব্দুল শুক্কুরের ছেলে মো. তাসিন (৮)। তারা স্থানীয় এককুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা মো. ইমরান জানান, দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পর চার শিশু একসঙ্গে মসজিদের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে জাহেদ ও তাসিন গভীর পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অন্য শিশুরা পানিতে ডুব দিয়ে তাদের খোঁজার চেষ্টা করে। অনেকক্ষণেও তারা উঠে না আসায় শিশুরা পানিতে পাথর–ইটের গুঁড়া ছুড়ে মারতে থাকে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত পুকুরে ছুটে আসেন এবং পানিতে নেমে জাহেদ ও তাসিনকে উদ্ধার করেন।
ইমরান বলেন, দুজনকে উদ্ধারের পর একজন ঘটনাস্থলেই মারা যায়। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়। পরে দুজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে দুই সন্তানের মৃত্যুর খবর পেয়ে তাদের শেষবারের মতো দেখতে প্রবাস থেকে দেশে ফিরছেন দুই বাবা জাহাঙ্গীর আলম ও আব্দুল শুক্কুর।









