খাগড়াছড়ির মানিকছড়িতে পুকুরে ডুবে নুর মুহাম্মদ নামের ৩ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার পান্নাবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুর মুহাম্মদ ওই এলাকার বাসিন্দা মো. সেলিম ও নুর নাহার দম্পতির একমাত্র সন্তান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায় নুর মুহাম্মদ। খেলার একপর্যায়ে সে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা নুর নাহার। পরে পুকুরের পানিতে লাশ ভেসে উঠতে দেখে তাকে উদ্ধার করে দ্রুত মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, শিশুটির মৃত্যুর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।












