নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ, যুবকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সাইফুল (২৫)। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের মিয়ানমার সীমান্তের সীমান্ত পিলার৫২ এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ডুইল্যাঝিরি ক্যাম্প সংলগ্ন এলাকায় পাহাড়ে বাঁশ কাটতে গিয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশির দুই পা বিচ্ছিন্ন হয়ে মারাত্মক আহত হয়।

খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথে তার মৃত্যু হয়। নিহতের নাম মো. সাইফুল (২৫)। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার বাসিন্দা মো. সাবেরের ছেলে। স্থানীয়দের দাবি, সীমান্তের শূন্যরেখা পেরিয়ে অনেকটাই মিয়ানমারের অভ্যন্তরে বাঁশ কাটতে গিয়েছিল। বাঁশ কাটার সময় অসতর্ক অবস্থায় আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইনের ওপর পা পড়লে বিস্ফোরণ ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু বলেন, সীমান্ত এলাকায় অহেতুক ঘোরাফেরা না করার জন্য স্থানীয়দের নির্দেশনা দেওয়া হয়েছে। মাইন বিস্ফোরণে একজনের মৃত্যুর খবর পেয়েছি।

পূর্ববর্তী নিবন্ধবিকালে ১শ দোকান উচ্ছেদ, কিছুক্ষণ পর আবার একই চিত্র
পরবর্তী নিবন্ধঅক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী