‘মা অসুস্থ, চিকিৎসা করাতে পারছি না’

টাকা না পেয়ে ব্যাংকের সামনে গ্রাহকের কান্না

| মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আমানত ফেরত চেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) হালিশহর অফিসের সামনে বিক্ষোভ করেছে আমানতকারীরা। গতকাল সোমবার দুপুরে এ কর্মসূচি চলাকালে প্রায় শ’খানেক আমানতকারী টাকা তুলতে না পারাসহ বিভিন্ন সমস্যার অভিযোগ নিয়ে বিক্ষোভ করেন। ‘সম্মিলিত ইসলামী ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম কমিটির’ ব্যানারে এই বিক্ষোভ হয়। এদিকে বিক্ষোভের একটি ঘটনার ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে মায়ের অসুস্থতার কথা বলে মো. আলাউদ্দিন নামে এক আমানতকারীকে কাঁদতে কাঁদতে ব্যাংকের কর্মকর্তাদের কাছে টাকা চাইতে দেখা যায়। আলাউদ্দিন ব্যাংক কর্মকর্তাদের বলেন, আমার মা অসুস্থ। চিকিৎসা করাতে পারছি না। টাকা এখন দিবেন, এখন। আমি হার্টের রোগী। এখন টাকা দিবেন। আমার মা খুবই অসুস্থ। আমার মা মরে গেলে ফেরত দিবে সে? টাকা এখন দিতে হবে। খবর বিডিনিউজের।

সে সময় আরেক নারী গ্রাহককেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে। তখন ব্যাংক কর্মকর্তা ও আমানতকারী অ্যাসোসিয়েশনের নেতারা তাদের বুঝিয়ে শান্ত করেন। এ বিষয়ে সম্মিলিত ইসলামিক ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, মো. আলাউদ্দিনের সারাজীবনের সঞ্চয় ওই ব্যাংকের প্রবর্তক শাখায় এফডিআর করা। উনার মা অসুস্থ। তিনি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন। এর আগেও অনেকবার তিনি টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এমনকি উনার মা যে হাসপাতালে, সেটা ভিডিও করে পর্যন্ত ব্যাংকের কর্মকর্তাদের দেখিয়েছেন। কিন্তু ব্যাংকের কর্মকর্তারা বলেন, ঢাকায় জানাতে হবে। সেখান থেকে সিদ্ধান্ত আসবে।

ঘটনার বর্ণনা দিয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, আলাউদ্দিন সাহেব আমাদের অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক। আজ কর্মসূচিতে তিনিও আমদের সাথে গিয়েছিলেন। এক পর্যায়ে তিনি মায়ের অসুস্থতার কথা বলে আবেগাপ্লুত হয়ে যান। তিনি নিজেও হার্টের রোগী। উনার ওপেন হার্ট সার্জারি করা। পরে আমরা উনাকে বুঝিয়ে শান্ত করি। ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রবর্তক শাখার ম্যানেজারকে উনার বিষয়টি জানানো হয়েছে। কিন্তু ফোনে যোগাযোগ করলে প্রবর্তক শাখার ম্যানেজার বলেন, এভাবে টাকা দেওয়া যাবে না। কাল উনাকে নিয়ে আমরা ওই শাখায় যাব। আশাকরি কোনো একটা সুরাহা হবে।

ব্যাংকের কর্মকর্তারা আলোচনা করে কয়েকজন গ্রাহকের চাহিদা ও তাদের জরুরি পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট শাখাগুলোতে কথা বলে কিছু কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন বলেও তথ্য দেন জাহাঙ্গীর হোসেন। এছাড়া অন্যান্য জরুরি আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য অগ্রাধিকার ভিত্তিতে ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গতকাল সোমবারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি শারমিন আক্তারসহ অন্যান্য নেতারা।

পূর্ববর্তী নিবন্ধএনসিপি প্রতিটি সেক্টরে একক প্রার্থী দিয়ে স্থানীয় নির্বাচনে অংশ নেবে
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে গরুবোঝাই ট্রাক উল্টে ব্যবসায়ীর মৃত্যু