সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় একটি গরুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ ঘটনায় ট্রাকে থাকা এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে, ৩ জন আহত হন। ৫টি গরু ঘটনাস্থলে মারা যায়। গতকাল সোমবার দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পৌরসভাধীন পন্থিছিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল সালাম (৫৫) কক্সবাজারের উখিয়া থানাধীন ভালুকিয়া পালংয়ের মৃত মীর আহমেদের ছেলে।
জানা যায়, নীলফামারী থেকে একটি ট্রাকযোগে বেশ কিছু গরু নিয়ে ব্যবসায়ী আব্দুল সালাম কক্সবাজারের উখিয়ায় যাচ্ছিলেন। সীতাকুণ্ড উপজেলার পন্থিছিলা এলাকা অতিক্রমকালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা গরু ব্যবসায়ীসহ ঘটনাস্থলে ৪ জন মারাত্মক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ব্যবসায়ী আব্দুল সালাম মারা যান। এ ঘটনায় আহত হন রংপুর সদর এলাকার মোহাম্মদ ফাহিম, মো. রশিদ ও রায়হান উদ্দিন। এ ঘটনায় মারা যায় ৫টি গরু।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. নুরুল আবছার বলেন, নীলফামারী থেকে ১৮টি গরু নিয়ে ব্যবসায়ী আব্দুল সালাম ট্রাকযোগে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন এলাকায় যাওয়ার সময় সীতাকুণ্ড পন্থিছিলা এলাকায় এ দুঘটনার কবলে পড়েন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।












