দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য এবং বিদেশি প্রকৌশলীদের ওপর নির্ভরতা কমানো জরুরি বলে অভিমত ব্যক্ত করেছেন মারদিয়া মমতাজ এমপি। একইসঙ্গে প্রকৌশল পেশায় নৈতিকতার চর্চা, গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। গত ২১ আগস্ট সন্ধ্যায় নগরের একটি রেস্টুরেন্টে ‘দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ও দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মনজারে খোরশেদ আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রায় চার শতাধিক প্রকৌশলী এই সম্মেলনে অংশগ্রহণ করেন। খবর বাংলানিউজের।
প্রকৌশলী মারদিয়া মমতাজ আরও বলেন, ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ও অ্যাটাচমেন্টের সুযোগ সৃষ্টি করতে হবে। গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে একটি কার্যকর গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা প্রয়োজন।
মাসে অন্তত একবার সিনিয়র প্রকৌশলীদের অভিজ্ঞতা জুনিয়রদের সঙ্গে শেয়ার করার কর্মসূচি গ্রহণ করতে হবে। পরিবেশ সংরক্ষণে ইটের বিকল্প পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী ব্যবহারে জোর দিতে হবে। পারিবারিক মূল্যবোধ রক্ষায় প্রকৌশলীদেরকে তাদের সন্তানদের সময় দেওয়া, বই পড়ার অভ্যাস গড়া এবং প্রতিদিন অন্তত দুই ঘণ্টা মোবাইল থেকে বিরতি নেওয়ার পরামর্শ দেন তিনি।
ফোরামের সেক্রেটারি প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় এসময় ফোরামের উপদেষ্টা নজরুল ইসলাম, নুরুল আমিন, প্রকৌশলী মোহাম্মদ মিয়ান তালুকদার, ন্যাশনাল ডক্টরস ফোরাম চট্টগ্রামের সভাপতি ডা. এ টি এম রেজাউল করিম, ফোরাম সহ–সভাপতি প্রকৌশলী মোমিনুল হক, প্রকৌশলী এস এম লোকমান কবির, প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, আইইউসির প্রফেসর মো. আতহার উদ্দীন এবং চুয়েট ফোরাম, ঢাকার সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান বক্তব্য দেন।










