পশ্চিম তীরে ইসরায়েলের বসতি প্রকল্পের তীব্র নিন্দা পশ্চিমাদের

| শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৯:৩৭ পূর্বাহ্ণ

অধিকৃত পশ্চিম তীরে নতুন করে প্রায় ১২০০ বসতি নির্মাণের দরপত্র ডেকেছে ইসরায়েল। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় ইসরায়েলি কর্তৃপক্ষের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে পশ্চিমা মিত্র দেশগুলো। গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা ইসরায়েলের এই সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে বর্ণনা করে অবিলম্বে পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছে। বিবিসি লিখেছে, আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলের সব বসতিকেই অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক চাপের কারণে জেরুজালেমের পূর্বে অবস্থিত ‘ইওয়ান’ এলাকায় বসতি নির্মাণের পরিকল্পনা ইসরায়েল কয়েক দশক ধরে স্থগিত রেখেছিল। খবর বিডিনিউজের। ইসরায়েলের মিত্রদেশ ও ফিলিস্তিনিদের ভাষ্য, ‘ওয়ান’ প্রকল্পে বসতি গড়া হলে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা মারাত্মকভাবে ব্যাহত হবে। একই সঙ্গে পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে এবং পূর্ব জেরুজালেম বিচ্ছিন্ন হয়ে যাবে। বিবৃতিতে ইউরোপীয় মিত্রদেশগুলো ও কানাডা বলেছে, পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর বসতিস্থাপনকারীদের নজিরবিহীন সহিংসতা এবং ফিলিস্তিনি অর্থনীতির ওপর গুরুতর বিধিনিষেধের কারণে এমনিতেই সেখানে ভয়াবহ অস্থিতিশীলতা বিরাজ করছে। এই সময়ে নেওয়া সিদ্ধান্তটি আরও উদ্বেগজনক। পৃথক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব এবং বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, ওয়ান পরিকল্পনা একটি অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য ‘হুমকি’ স্বরূপ। এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সমালোচনা সরাসরি প্রত্যাখ্যান করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। ওই এলাকায় বসবাসরত বেদুইন ফিলিস্তিনি এবং ইসরায়েলি শান্তি সংগঠনগুলো আদালতে চ্যালেঞ্জ করার পরও বুধবার ইসরায়েলের গৃহায়ন মন্ত্রণালয় ১ হাজার ২৩৪টি আবাসন ইউনিটের দরপত্র প্রকাশ করে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান হাইকমিশনে বুলডোজার চালালো ভারত
পরবর্তী নিবন্ধহাসপাতাল থেকে আবার জেলে ইমরান