বাংলাদেশকে ‘ভালো দল’ বললেন কামিন্স

| শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৯:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হারের পর থেকেই চাপের মুখে অস্ট্রেলিয়া। সেই পরিস্থিতি কাটানো এবং সিরিজ বাঁচাতে দ্বিতীয় ও শেষ টেস্টে তাদের জয়ের বিকল্প নেই। ম্যাকাই টেস্টে নামার আগে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ডারউইনে নিজেদের ব্যর্থতা স্বীকার ও বাংলাদেশের প্রশংসা করেছেন। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গতকাল শুক্রবার বাংলাদেশের বিপক্ষে হার নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় হার কি না প্রশ্নে কামিন্স বলেন, ‘আসলে জানি না। দর্শকরা বিবেচনা করবে। ভারত বা ইংল্যান্ড সিরিজ হলে সবাই ভাবে, এবার সব ম্যাচ জিততেই হবে। অবশ্যই আশা তো করিই সব ম্যাচ জেতার। ঘরের মাঠে টেস্ট খেললে আমাদের চেষ্টা থাকে যত বেশি জেতা যায়।’ বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা আগের ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিলাম না। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে। তারা বেশ ভালো ক্রিকেট দল। অবশ্যই আদর্শ (ফল) নয়, তবে চেষ্টা করব বেশি ম্যাচ জেতার।’ ম্যাকাইতে খুব বেশি খেলা না হওয়ায় উভয়ের পারফরম্যান্সে প্রভাব থাকবে বলে মনে করেন অজি অধিনায়ক, ‘কিছুটা প্রভাব রাখবে। কিছু ফুটেজ দেখেছি অস্ট্রেলিয়া এ দল এবং ভারত এ দলের। এখানে লম্বা সময় ব্যাট করে যেতে পারলে ব্যাট করা যায়। যদিও সেটা কয়েক বছর আগের। পিচ এখন ভিন্ন হতে পারে।’

পূর্ববর্তী নিবন্ধআড়াই দিনে পাকিস্তানকে হারালো ইংল্যান্ড
পরবর্তী নিবন্ধচব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন