রাঙ্গুনিয়ায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে খালে ডুবে কৃষকের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৭:৫১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে খালে ডুবে মো. বখতিয়ার হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার একদিন পর গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খোরশেদ তালুক এলাকার কুরমাই খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বখতিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জিন বাড়ির রমজান আলীর ছেলে। পেশায় কৃষক হলেও তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। অসুস্থতার কারণে প্রায় ৮ থেকে ১০ বছর আগে দেশে ফিরে আসেন। তার ১০ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বাড়ির অদূরের পাহাড়ি এলাকায় নিজের খামারে যান বখতিয়ার। সেখানে কৃষি প্রকল্প ও দুটি গরু দেখাশোনার পাশাপাশি প্রতিদিনের মতো কুরমাই খালে বড়শি দিয়ে মাছ ধরতে নামেন। এরপর তিনি নিখোঁজ হন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস কবির জানান, মাছ ধরার একপর্যায়ে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত শারীরিক জটিলতার কারণে বখতিয়ার সবার অগোচরে খালে পড়ে নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় খালের পাড়ে তার খাবারের বাটি ও ছাতা পড়ে থাকতে দেখা যায়। বিকেল থেকে তার সন্ধান না পেয়ে স্বজন ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে গতকাল দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে কুরমাই খালে স্থানীয়রা তার মরদেহ ভাসতে দেখেন। পরে এলাকাবাসী গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

পূর্ববর্তী নিবন্ধস্বামীকে শেষ বিদায় জানিয়ে মুন্সীগঞ্জ কারাগারে ফিরলেন দীপু মনি
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব রেইনবোর বৃক্ষরোপণ কর্মসূচি