কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গত বুধবার রাতে উপজেলার আঞ্জুমানপাড়া–ফাইসাখালী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার উখিয়া ৬৪ বিজিবি জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে বালুখালী ও পালংখালী বিওপির বিশেষ টহল দল আঞ্জুমানপাড়া–ফাইসাখালী এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি দেখতে পায়। বিজিবির ভাষ্য অনুযায়ী, থার্মাল ইমেজিংয়ের মাধ্যমে ৭ থেকে ৮ জনকে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়।
এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে সন্দেহভাজন ব্যক্তিরা পাঁচটি বস্তা ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যান। পরে বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি জানায়, ওই এলাকায় আরও তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটক করতে আশপাশের এলাকায় অভিযান চালানো হলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আইনজীবী আলিফ হত্যা মামলা
সাক্ষী দিলেন আরেক প্রত্যক্ষদর্শী












