টেকনাফে বিদেশি অস্ত্রসহ ২৩২ রাউন্ড গুলি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৬:৪৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও ২৩২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত নাফ নদীতে এ অভিযান চালানো হয়। গতকাল বৃহস্পতিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র বাংলাদেশমিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী এলাকা দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্র হস্তান্তর করবে। এ তথ্যের ভিত্তিতে বিসিজি স্টেশন, টেকনাফের সদস্যরা নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে বোটটি সংকেত অমান্য করে দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে ঢুকে যায়। পরে চক্রের সদস্যরা বোটটি রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি এসভিডি ড্রাগুনভ রাইফেল (ম্যাগজিনসহ), একটি ৯ মি.মি. বিদেশি পিস্তল (ম্যাগজিনসহ), ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড ফাঁকা পিস্তলের গুলি এবং দুটি এমএ১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জব্দ বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

পূর্ববর্তী নিবন্ধজুম’আর খুতবা
পরবর্তী নিবন্ধউখিয়া সীমান্তে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার