চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪৩

১শ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৬:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৩৭টি মামলা দায়ের করা হয় এবং ১৪৩ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় গত বুধবার ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন এলাকায় ১৫১টি অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার করা হয়। অভিযানে ৫ হাজার ৭৮৪ পিস ইয়াবা, ৮৮ কেজি ১৫৩ গ্রাম গাঁজা, ৬৮১ লিটার ২৫ মিলিলিটার চোলাই মদ, ৪৭ বোতল স্কফ সিরাপ, ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩৭টি মামলা দায়ের করে ১৪৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত মোবাইল কোর্টে ১০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে ৩৬ হাজার ২৮০ টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ভারত সফর পারস্পরিক আস্থা অর্জনের পর : উপদেষ্টা হুমায়ুন কবির