দেশের বৃহত্তম দ্বীনি ও অরাজনৈতিক সংস্থা আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ৯ রবিউল আউয়াল, ২৩ আগস্ট রোববার ঢাকায় এবং ১২ রবিউল আউয়াল, ২৬ আগস্ট বুধবার চট্টগ্রামে বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুছ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের এই সর্ববৃহৎ জশনে জুলুছের নেতৃত্ব দিতে গতকাল বাংলাদেশে এসেছেন পাকিস্তানস্থ সিরিকোট দরবার শরীফের সাজ্জাদানশীন, আনজুমান ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, আওলাদে রাসূল, পীরে বাঙ্গাল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)।
তাঁর এবারের সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) এবং সাহেবজাদা সৈয়্যদ আকিব আহমদ শাহ্ (মা.জি.আ)। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫.২৫টায় আমিরাত এয়ারলাইন্স যোগে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় কেন্দ্রীয় আনজুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা আনজুমানের নেতৃবৃন্দ বিমানবন্দরে তাঁদের বরণ করে নেন। এর পর মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসায় পৌঁছালে তাঁদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ) এশা নামাজে ইমামতি শেষে আসন্ন জশনে জুলুছের সর্বোচ্চ সফলতা ও বাংলাদেশসহ সমগ্র বিশ্ববাসীর মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












