‘বাংলাদেশকে ২৩ বছর না ডেকে ভুল করেছিল অস্ট্রেলিয়া’

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর প্রশংসা আসছে একের পর এক। এবার বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন অজিদের কিংবদন্তি তিন পেসার ডেমিয়েন ফ্লেমিং, জেসন গিলেস্পি ও গ্লেন ম্যাকগ্রা। ‘ফাস্ট বোলিং কার্টেল’ পডকাস্টে আলোচনায় বাংলাদেশের বোলিংব্যাটিং দুটিই উঠে এসেছে। বিশেষ করে সাবেক অজি পেসার ডেমিয়েন ফ্লেমিংয়ের চোখে, হাসানের বোলিংয়ে দেখতে পেয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রার ছায়া। অন্যদিকে তানজিদ হাসান তামিমের ব্যাটিং নজর কেড়েছে গিলেস্পির। ডারউইনে দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক ছিলেন হাসান। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও ৩ উইকেট শিকার করেন এই পেসার। তার সবচেয়ে বড় শক্তি ছিল ধারাবাহিক লাইনলেংথ আর ব্যাটারকে বারবার খেলতে বাধ্য করা। হাসানের প্রশংসা করতে গিয়ে ফ্লেমিং বলেন, ‘হাসান মাহমুদ পারফেক্ট লেংথে বোলিং করেছে। আমি জানি না তুমি কোনো হাইলাইটস দেখেছ কি না, সে ম্যাকগ্রার মতো বোলিং করেছে। অবিরাম ব্যাটারদের সামনে খেলতে বাধ্য করা এবং লেংথ থেকে বলের মুভমেন্ট আদায় করে নেওয়া, যেখানে মূল মন্ত্র ছিল কেবল মৌলিক কাজগুলো নিখুঁতভাবে করা।’ বাংলাদেশের এমন পারফরম্যান্সে শুধু হাসান মাহমুদই নন, পুরো দলই অস্ট্রেলিয়ার সাবেক তারকাদের প্রশংসা কুড়িয়েছে। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ফিরে বাংলাদেশের এমন জয়কে বিশ্ব ক্রিকেটের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন ম্যাকগ্রা। বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের প্রসঙ্গ টেনে ম্যাকগ্রা বলেন, ‘ক্রিকেটকে ভালোবাসে বাংলাদেশ। এর আগে তারা অস্ট্রেলিয়াতে এসেছিল ২৩ বছর আগে।

বাংলাদেশ ভালো করতে পারবে না, এমনটা ভেবেই অস্ট্রেলিয়া ২৩ বছর তাদের সঙ্গে ঘরের মাঠে খেলেনি। এরপর তারা অস্ট্রেলিয়ায় এসে এমন পারফর্ম করল! এটা বিশ্ব ক্রিকেটের জন্য অত্যন্ত ইতিবাচক দিক।’ ডারউইন টেস্টে বাংলাদেশের ব্যাটিংও নজর কেড়েছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের। বিশেষ করে তানজিদ হাসান তামিমের ১০১ রানের ইনিংস নিয়ে প্রশংসা করেছেন জেসন গিলেস্পি। তার ব্যাটিংয়ের টেকনিক ও শট নির্বাচনের প্রশংসা করে গিলেস্পি বলেন, ‘তানজিদের টেকনিক দারুণ। ফুল লেংথের বলে সে সামনে খেলেছে, শর্ট বল খেলেছে ব্যাকফুটে, একেবারেই বেসিক টেকনিকে ব্যাটিং করেছে। যখনই অস্ট্রেলিয়ার বোলাররা স্টাম্পের বাইরে বোলিং করেছে, সে মোক্ষম জবাব দিয়েছে।’ ডারউইনে জয় এখন বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী শনিবার ম্যাকেতে। সেখানে বাংলাদেশ নিজেদের সামপ্রতিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়ার মাটিতে আরও বড় অর্জন সম্ভব এমন আশাই করছেন সাবেক এই অজি ক্রিকেটাররা।

পূর্ববর্তী নিবন্ধসিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপের ফলাফল
পরবর্তী নিবন্ধগুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন-২