ছাড়পত্র নবায়ন না করেই জাহাজ কাটছিল ফেরদৌস রিসাইক্লিং, ৫ লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার কাজ করায় সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এমটি রাসি নামের জাহাজটি কাটার সময় বিষাক্ত গ্যাসে নয় শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। পরিবেশ অধিদপ্তর বলেছে, তারা যখন জাহাজটি কাটছিল তখন তাদের পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ পেরিয়ে গিয়েছিল।

গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরে শুনানি শেষে তাদের জরিমানা করা হয়। পবিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের পরিচালক জমির উদ্দিন শুনানি শেষে এই জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতি করায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিকে জরিমানা করা হয়। এছাড়া স্ক্র্যাপ জাহাজটির পরিবেশ ছাড়পত্র নবায়ন করার আগ পর্যন্ত ওই জাহাজে সবরকম কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

জাহাজটি পরিদর্শন করে এবং আগে নেওয়া ছাড়পত্রের নথি পর্যালোচনা করে ছাড়পত্র নবায়ন ছাড়াই জাহাজ কাটার কাজ চলমান থাকার প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তর।

প্রতিষ্ঠানটি জাহাজ কাটার জন্য সর্বশেষ পরিবেশগত ছাড়পত্র নিয়েছিল ২০২৫ সালের ১৩ অগাস্ট। ওই ছাড়পত্রের মেয়াদ ছিল ২০২৬ সালের ১২ অগাস্ট পর্যন্ত। ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার দুই দিন পর গত ১৪ অগাস্ট ওই ইয়ার্ডে এমটি রাসি নামের একটি পুরনো জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস নির্গত হয়ে ৯ জন শ্রমিকের প্রাণ যায়।

পূর্ববর্তী নিবন্ধবেঁচে যাওয়া ৩ বাংলাদেশির বয়ানে কলকাতার হোটেলের অগ্নিকাণ্ড
পরবর্তী নিবন্ধনতুন করে বার্থ-টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটর লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু