মিশিগানে গুলিবর্ষণ সন্দেহভাজনসহ নিহত ৬

| রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সন্দেহভাজন এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে। বন্দুকধারীকে খুঁজতে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে মিশিগান অঙ্গরাজ্য পুলিশ জানিয়েছে, শুক্রবার মিশিগানের মিসাউকি কাউন্টির একটি বাড়িতে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। খবর বিডিনিউজের।

কাউন্টিটি ডেট্রয়েট শহর থেকে প্রায় ১৬৯ মাইল উত্তরপশ্চিমে। প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে গুলিবর্ষণের খবর পেয়ে মিসাউকি কাউন্টির ওই বাড়িতে যায় পুলিশ। সেখানে তিনজনকে মৃত ও একজনকে গুরুতর আহত অবস্থায় পান তারা। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ আসার আগেই সন্দেহভাজন সেখান থেকে পালিয়ে যায়। তাকে চ্যাড হিকম্যান (৩৯) নামে শনাক্ত করা হয়েছে। পুলিশ তার খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করার পর দ্বিতীয় আরেক বাড়িতে গুলিবিদ্ধ আরেকজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। সিএনএন জানিয়েছে, এক্স এ এক পোস্টে পুলিশ জনগণকে সতর্ক করে জানায়, হিকম্যান সশস্ত্র অবস্থায় আছে আর সে বিপজ্জনক, কেউ যেন তার কাছে না যায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, আইন প্রয়োগকারীরা পরে হোয়াইটলক হ্রদের কাছে একটি বন এলাকায় হিকম্যানের গাড়িটি খুঁজে পায়। গাড়িটি পাওয়ার পর হিকম্যানের মৃতদেহও খুঁজে পাওয়া যায় আর সেখানে আরেক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। আইন প্রয়োগকারীরা জানিয়েছেন, তারা এই গুলিবর্ষণের ঘটনাটি তদন্ত করে দেখছেন। তবে কীভাবে নিহতদের মৃত্যু হয়েছে, তারা পরস্পরের আত্মীয় বা সম্পর্কিত কি না, এসব বিষয়ে কিছু বলেননি তারা। পুলিশ হতাহতদের কারও নাম, বয়স বা তাদের লিঙ্গ নিয়েও কোনো তথ্য দেয়নি। স্বজনদের জানানোর পর নিহতদের নাম পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছে তারা।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট সংক্ষিপ্ত সফরে বেরিয়ে উধাও
পরবর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩৮, আটকা বহু মানুষ