মিরাজের সঙ্গে বাকবিতণ্ডায় নিজের ভুল স্বীকার স্টার্কের

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:৪৫ পূর্বাহ্ণ

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে মেহেদী হাসান মিরাজ ও মিচেল স্টার্কের বাকবিতণ্ডা নিয়ে তৈরি হয়েছিল উত্তাপ। পিচের মাঝ দিয়ে দৌড়ানো নিয়ে দুজনের কথার লড়াইয়ের পর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বেশ। তবে এক দিন পরই সেটি আর বড় করে দেখছেন না মিরাজ। বরং অস্ট্রেলিয়ার এই পেসার তার ভুলও স্বীকার করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারে। স্টার্কের বল পয়েন্টে ঠেলে দিয়ে রান নিতে গিয়ে মিরাজ পিচের মাঝের অংশ দিয়ে দৌড়ান। বলের দিকে নজর থাকায় সামনে স্টার্ককে খেয়াল করেননি তিনি। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্টার্ক মিরাজকে বলেন, ‘তুমি এখন বাংলাদেশে নেই।’ ঘটনার পর বিষয়টি নিয়ে মিরাজও নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন। তার দাবি ছিল, ইচ্ছা করে তিনি পিচের সুরক্ষিত অংশ দিয়ে দৌড়াননি। বল দেখতে গিয়ে সামনে থাকা স্টার্ককে খেয়াল করতে পারেননি। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সেই ঘটনা নিয়ে কথা বলেন মিরাজ। তার মতে, মাঠে এমন ছোটখাটো ঘটনা হতেই পারে। বিষয়টি নিয়ে স্টার্কও পরে তার সঙ্গে কথা বলেছেন, ‘গতকাল ওই রকম কোনো কিছু হয়নি। শুধু ব্যাটিং করার পর স্টার্ক সামনে চলে এসেছিল, আমিও আবার বলটা দেখতে পারিনি। আমি পিচের ভেতর থেকে রান নিয়েছিলাম। তবে এটা ক্রিকেট মাঠে হতে পারে।’ এরপরই মিরাজ জানান, আজ (গতকাল) সকালে স্টার্ক তার সঙ্গে কথা বলেছেন। সেখানে আগের দিনের ঘটনার জন্য নিজের ভুলও স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার এই পেসার। মিরাজ বলেন, ‘আজ(গতকাল) সকালে সে আমার সঙ্গে কথা বলেছে। আগের দিন যা হয়েছে;ও বলেছে যে, ওরও ভুল হয়েছে। তবে এখন সব ঠিক আছে।’

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের পেসারদের প্রশংসায় গিলেস্পি
পরবর্তী নিবন্ধগরীবে নেওয়াজ, নাসিরাবাদ ও মাতব্বর আলী স্কুলের জয়