সেঞ্চুরিতে নাফীসের সঙ্গী তানজিদ

| শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১১:২৭ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান। ডারউইনের মারার স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ১০১ রানের ইনিংস খেলেন তানজিদ। ১৯৭ বলের ইনিংসে ৮ চার ও ১ ছক্কা মারেন তিনি। সাবেক ব্যাটার শাহরিয়ার নাফীসের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির তালিকায় নাম তুললেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন নাফীস। ২০০৬ সালের এপ্রিলে ফতুল্লা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ওপেনার হিসেবে নেমে ১৯টি চারে ১৮৯ বলে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন নাফীস। নাফীসের ঐ সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্ট খেলে বাংলাদেশ। তিন টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারই সেঞ্চুরির দেখা পায়নি। নাফীসতানজিদের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তর। ২০১৭ সালে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১১টি চারে ১৩৩ বলে ৮৪ রান করেছিলেন সাকিব। ডারউইনে চলমান টেস্টে তানজিদের সেঞ্চুরির দিন ৮৪ রানে থামেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত। ৭টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ১২৬ বলে ৮৪ রান করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধজয় দিয়ে লিগ শেষ সকার সিটি চট্টগ্রামের
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের