শোক, দ্রোহ ও মানবিকতার সুরে ছায়ানটে ‘অন্তর্দাহ’

| শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

সময়ের অস্থিরতা, গভীর শোক, প্রেমবিরহ এবং অশুভের বিরুদ্ধে মানুষের চিরন্তন প্রত্যয়কে ধারণ করে রাজধানীর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘গাই বাংলার গান পর্ষদ’এর বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘অন্তর্দাহ : স্মৃতি দ্রোহ মিলন’।

সোমবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে গান, নৃত্য, আবৃত্তি, বাঁশি ও দলীয় সংগীতের মধ্য দিয়ে মানুষের অনুভূতি, যন্ত্রণা ও সাংস্কৃতিক চেতনার নানা দিক তুলে ধরা হয়। খবর বাংলানিউজের।

স্বাগত বক্তব্য দেন ‘গাই বাংলার গান পর্ষদ’এর মুখ্য সংগঠক ফজলুল কবীর তুহিন। তিনি বলেন, আমাদের জীবনে সংস্কৃতির প্রভাব অপরিসীম। সংস্কৃতি মানুষের মনন, মূল্যবোধ ও মানবিকতাকে বিকশিত করে। কিন্তু সাম্প্রতিক সময়ে চারপাশে যে অসহিষ্ণুতা ও সাংস্কৃতিক শূন্যতা তৈরি হয়েছে, তার বিপরীতে দাঁড়ানোর প্রত্যয় থেকেই অন্তর্দাহএর আয়োজন।

তিনি বলেন, শোক, বেদনা কিংবা অস্থিরতার সময়ে সংস্কৃতিই মানুষকে মানুষের কাছে ফিরিয়ে আনতে পারে। গান, কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে আমরা সেই মানবিক বোধ এবং শুভবোধকে জাগিয়ে তুলতে চাই। ফজলুল কবীর তুহিন বলেন, ‘অন্তর্দাহ’ তাই কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; সময়ের অস্থিরতা ও অন্তর্গত যন্ত্রণার মধ্যে দাঁড়িয়ে সংস্কৃতির আলোয় মানুষের কাছে ফিরে যাওয়ার একটি শিল্পিত প্রয়াস।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন অলোক কুমার দাশ, ইউসুফ হাসান অর্ক, মৌমিতা ও অমিতা। মিউজিক্যাল ধ্রুপদ পরিবেশন করেন সবুজ, শান্ত ও কামরুল। নৃত্য পরিবেশন করেন প্রান্তিক, প্লাবন্তি ইতি ও শান্তনা। আবৃত্তিতে ছিলেন শামীম ও বেলায়েত। এছাড়া ছিল দলীয় সংগীতের পরিবেশনা। বাঁশিতে সুর তোলেন তপু দাস।

পূর্ববর্তী নিবন্ধকাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা আত্মবিশ্বাস দিয়েছে
পরবর্তী নিবন্ধউচ্চারকের ‘শ্রাবণে রবীন্দ্রনাথ’