বাঁশখালী উপজেলায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও আগাম প্রস্তুতি জোরদার করতে স্থাপন করা হচ্ছে একটি আধুনিক অটোমেটিক ওয়েদার স্টেশন (এডব্লিউএস)। বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে যৌথ উদ্যোগে এই আবহাওয়া স্টেশনটি স্থাপন করা হচ্ছে। উদ্যোগটি বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা ইপসা, সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, আরআইএমইএস এবং জার্মানির দাতা সংস্থা জিএফএফও।
এ উদ্যোগকে সামনে রেখে মঙ্গলবার সকালে বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের মেট ক্লাবের হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উন্নয়নকর্মী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় সভায় সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে এম সালাহ উদ্দিন কামাল, সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা ফারাবী আকাশ, ইপসার মনিটরিং অফিসার মো. শাহারিয়ার আলম, ইউপি সদস্য মো. দেলোয়ার, শিক্ষক রুবেল কান্তি দে প্রমুখ আলোচনায় অংশ নেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম মঈন উদ্দিন, ইপসার প্রজেষ্ট অফিসার মাহিনুর আক্তার, সাংবাদিক মিজান বিন তাহের, ইপসার সহকারী প্রজেষ্ট অফিসার মুহাম্মদ এনামুল ইসলাম, বেলায়েত হোসেন রাইয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় অটোমেটিক ওয়েদার স্টেশন স্থাপনের মূল উদ্দেশ্য, এর কর্মপদ্ধতি এবং এর মাধ্যমে স্থানীয় জনগণ কীভাবে সরাসরি উপকৃত হতে পারেন সে বিষয়ে আলোচনা করা হয়।
স্থানীয় পর্যায়ে মিলবে আবহাওয়ার সঠিক তথ্য : অটোমেটিক ওয়েদার স্টেশনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে আবহাওয়া ও বৃষ্টিপাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নিখুঁত তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। সংগৃহীত এসব তথ্য উপকূলীয় এলাকার দুর্যোগের পূর্বাভাস প্রদান, সঠিক সময়ে আগাম সতর্কবার্তা (আর্লি ওয়ার্নিং) জারি এবং কার্যকর আর্লি অ্যাকশন বা আগাম পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাঁশখালীর মতো আবহাওয়া ঝুঁকিপূর্ণ ও জনবহুল এলাকায় দুর্যোগ মোকাবিলা এবং জীবন ও সম্পদ রক্ষায় এই অটোমেটিক ওয়েদার স্টেশন স্থাপনকে একটি যুগান্তকারী ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।












