চাটগাইয়া গানের কিংবদন্তি আবদুল গফুর হালীর স্মরণানুষ্ঠান আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল–ফোরকান। বিশেষ অতিথি ছিলেন হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের ফেলো ড. সেলিম জাহাঙ্গীর, কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। বক্তব্য দেন, অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী, আঞ্চলিক গানের রানি কল্যাণী ঘোষ, আবদুল মান্নান কাওয়াল, পাঞ্জাবিওলা খ্যাত শিল্পী শিরিন, নাবিলা রেহনুম, আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের সেক্রেটারি নাসির উদ্দিন হায়দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবির সহকারী অধ্যাপক সুবীর মহাজন।
প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আল–ফোরকান বলেন, আবদুল গফুর হালী চাটগাঁইয়া গানে বাঁকবদল ঘটিয়েছেন। তিনি চট্টগ্রামের আঞ্চলিক ও মাইজভাণ্ডারী গানের নবযুগের স্রষ্টা। তাকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করা হোক।
ড. সেলিম জাহাঙ্গীর বলেন, আবদুল গফুর হালীকে নিয়ে বিশ্ব পরিসরে মূল্যবান গবেষণা হয়েছে। তার গান জার্মান ভাষায় অনূদিত হয়েছে, এটা আমাদের বড় পাওয়া।
কবি বিশ্বজিৎ চৌধুরী বলেন, আবদুল গফুর হালী ছিলেন মাটির মানুষ। তিনি সুর সাধনায় চিরকাল একটা হাসিখুশি জীবন কাটিয়েছেন। তিনি তার গানে গোটা দেশকে মাতিয়ে তুলেছেন। তার মতো কালজয়ী শিল্পীর যথাযথ মূল্যায়ন হয়নি।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন গীতা আচার্য, ডা. দীপঙ্কর দে, জিয়াউদ্দিন বাদশা, আলাউদ্দিন কাওয়াল, নয়ন শীল। প্রেস বিজ্ঞপ্তি।










