রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের নতুন অ্যাডহক কমিটি গঠন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ আগস্ট, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ১১ সদস্যের নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ভাইসচেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আছিফ চৌধুরী এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পদাধিকারবলে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইউনিটের কার্যক্রম সচল, গতিশীল ও কার্যকর রাখার লক্ষ্যে গতকাল বুধবার আগামী তিন মাসের জন্য এ কমিটি অনুমোদন করেন রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম। এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই সোসাইটির গঠনতন্ত্রের বিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত হবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডা. মোহাম্মদ সারোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, অ্যাডভোকেট আবু তাহের চৌধুরী, মো. রায়হানুল আনোয়ার রাহী, ডা. ইফতেখার মো. আদনান, ডা. মো. মিনহাজুল আলম, জাহাঙ্গীর আলম বাবর ও কে এম ইমরান এমি।

অ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী আজাদীকে বলেন, নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটির মাধ্যমে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক, স্বাস্থ্যসেবা, দুর্যোগ মোকাবিলা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। রেড ক্রিসেন্টকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। মানবিক কাজের মাধ্যমে মানুষকে যাতে সহায়তা ও সেবা দিতে পারি সেই চেষ্টা করে যাবো।

পূর্ববর্তী নিবন্ধগফুর হালী চাটগাঁইয়া গানের নবযুগের স্রষ্টা
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডার দরবারে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত