হাতি–মানুষ দ্বন্দ্ব নিরসন করে এবং হাতি রক্ষার আহ্বান জানিয়ে গতকাল বুধবার কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবস পালন করা হয়। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ করা হয়। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের আয়োজনে বিশ্ব হাতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রহমান বলেন, ২০২৪ সালের পরিসংখ্যানে কাপ্তাই জাতীয় উদ্যানে বন্য হাতির সংখ্যা ছিল ৩৬টি। বর্তমানে কাপ্তাইয়ে বন্য হাতির সংখ্যা আনুমানিক ৪৫টি।
এদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা কাপ্তাই বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম। সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এবং কর্ণফুলী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফজলে রাব্বি সরকার। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান।
বক্তারা বলেন, অনেকে বন্য হাতিকে শত্রু মনে করে। বিভিন্নভাবে হাতি হত্যা করে। কিন্তু হাতি পরিবেশ ও প্রতিবেশের প্রাকৃতিক বন্ধু। বন্য হাতিকে বিরক্ত না করার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান। এদিকে বিশ্ব হাতি দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে ১০০ শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।













