ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করল আফগানিস্তান

ঝুলে আছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

বেলফাস্টে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারায় আফগানিস্তান। এই জয়ে র‌্যাংকিংয়ে শীর্ষ আট নিশ্চিত হওয়ায় ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করল আফগানরা। আইসিসির নিয়মানুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা আট দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। শীর্ষ আটের মধ্যে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে থাকলে র‌্যাংকিংয়ে সেরা দশ দলকে বিবেচনায় নেওয়া হবে। বর্তমানে ১০২ রেটিং নিয়ে চতুর্থ স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ৬৩ রেটিং নিয়ে এগারতম স্থানে আছে জিম্বাবুয়ে। সেপ্টেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি করে ওয়ানডে আছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের। ঐ তিন ম্যাচ প্রোটিয়ারা হারলে বা জিম্বাবুয়ে জিতলে প্রথম আট দলের নীচে বা আট দলের উপরে উঠার সুযোগ নেই এই দু’দলের। এছাড়া ৯১ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ে অষ্টম স্থানে আছে আফগানিস্তান। আয়ারল্যান্ড সিরিজে এখনও দুই ম্যাচ বাকী আছে তাদের। ঐ ম্যাচ হারলেও র‌্যাংকিংয়ে অষ্টম স্থানেই থাকবে তারা। ৮৩ রেটিং নিয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৭। ৩০ সেপ্টেম্বরের আগে মাত্র দু’টি ওয়ানডে বাকী ক্যারিবীয়দের। অন্যদিকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে আছে। যা এখনও নিশ্চিত নয়। তাই বাংলাদেশ তিন ম্যাচ হারলে এবং ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচ জিতলে র‌্যাংকিংয়ের হিসাবনিকাশও পাল্টে যাবে। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সরাসরি বিশ্বকাপে খেলা এখনও ঝুলে আছে। তবে বাংলাদেশ আর কোন ম্যাচ না খেললে এবং ওয়েস্ট ইন্ডিজ বাকী দুই ম্যাচ জিতলেও বর্তমান র‌্যাংকিংই অব্যাহত থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে এবং বাছাই পর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। আগামী বছরের ফেব্রুয়ারিতে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা, ইংল্যান্ড, আফগানিস্তান এবং দুই স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিন ওয়ানডে শেষে ২০ ব্যবধানে এগিয়ে আছে আফগানিস্তান। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের ফর্টিস হারালো কিরগিজ ক্লাব মুরাসকে
পরবর্তী নিবন্ধপ্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ও নতুন কুঁড়ি ক্রীড়া আয়োজনে কাপ্তাইয়ে আলোচনা সভা