বান্দরবানের আলীকদম উপজেলায় চাকা ব্লাস্ট হয়ে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় হেলপারের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. হোসেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। গতকাল শনিবার দুপুরে আলীকদম–লামা–চকরিয়া সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় আলীকদম কলেজসংলগ্ন ঢালু অংশে এ দুর্ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া থেকে আলীকদমগামী মাতামুহুরি পরিবহনের বাসটি আলীকদম কলেজসংলগ্ন ঢালু এলাকায় পৌঁছালে একটি চাকা ব্লাস্ট হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় চালক, হেলপারসহ ১১ জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রামে নেওয়ার পথে বাসের হেলপার মো. হোসেনের মৃত্যু হয়।
আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. মনসুর আলম বলেন, তারাবুনিয়া এলাকায় চকরিয়াগামী একটি বাসের চাকা ব্লাস্ট হয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে চালক ও হেলপারসহ ১১ জন আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে পাঠানো হয়েছে।











