ভারতের অনুসন্ধানী সাময়িকী তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালকে তারই এক সহকর্মীকে ধর্ষণের মামলায় ১০ বছরের জেল দিয়েছে বোম্বে হাইকোর্ট। আদালত ২০২১ সালের তার খালাসের রায় বাতিল করে এই সাজা ঘোষণা করে। রায় ঘোষণার সময় আদালত জানায়, ভারতীয় দণ্ডবিধির ধর্ষণ ও যৌন হয়রানি সংক্রান্ত ৩৭৬(২)(এফ), ৩৭৬(২)(কে), ৩৫৪এ এবং ৩৫৪বি ধারায় তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে ১০ বছর জেল দেওয়ার পাশাপাশি ১০ লাখ রূপির বেশি জরিমানা করা হয়েছে। খবর বিডিনিউজের।
২০১৩ সালের নভেম্বরে গোয়ার ‘থিঙ্কফেস্ট’ অনুষ্ঠানের সময় একটি হোটেলের লিফটের ভেতর সাবেক এক জুনিয়র সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল তরুণ তেজপালের বিরুদ্ধে। অভিযোগ প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। ২০১৭ সালে গোয়ার মাপুসা ট্রায়াল কোর্টে মামলার শুনানি শুরু হয়। তবে ২০২১ সালে গোয়ার সেশনস কোর্ট প্রমাণের অভাব ও ‘বেনিফিট অফ ডাউট’–এর ভিত্তিতে তেজপালকে খালাস দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করেই বম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছিল গোয়া সরকার।












