জুলাইকে ম্লান করার জন্য স্বৈরাচারী হাসিনা দেশের বাইরে সংবাদ সম্মেলন করেছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। দেশের ভিতর বিভিন্ন গুপ্ত ফ্যাসিস্ট বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মাহেন্দ্রক্ষণ ২০২৪ সালের জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ‘রক্ত লাল জুলাই ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. আবু সুফিয়ান এমপি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি তারিক আহমদ ও স্বাগত বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন। বক্তব্য দেন, সাবেক সভাপতি আবদুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে আশরাফ হোসেন চৌধুরী, মুহাম্মদ হাসান আলী চৌধুরী, এডহক কমিটির সাবেক সদস্য যথাক্রমে সিনিয়র আইনজীবী রফিক আহমদ, জহুরুল আলম ও কামরুল ইসলাম সাজ্জাদ। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সহ–সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও সাংস্কৃতিক সম্পাদক বিলসিক আরা মিতু। অনুষ্ঠানে সমিতির সিনিয়র সহ–সভাপতি সেলিমা খানম, সহ–সভাপতি নিলুফার ইয়াসমিন লাভলী, অর্থ সমপাদক আবুল মনছুর সিকদার, পাঠাগার সমপাদক তৌহিদ হোছাইন সিকদার, ক্রীড়া সম্পাদক মো. সরোয়ার হোসাইন (লাভলু), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. লোকমান শাহ, নির্বাহী সদস্য যথাক্রমে আলী আকবর, সাদিয়া খান, জসিম উদ্দিন হিমেল, মো. ইকবাল হোসেন, শেখ মো. ফয়সাল উদ্দিন, মোমেনুল হক, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান, দিলদার আহমদ ভূঁইয়া, মোক্তার উদ্দিন, দিদারুল আলম প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে মো. আবু সুফিয়ান এমপি বলেন, কিছু ব্যক্তি মুক্তিযুদ্ধকে পুঁজি বানিয়ে ব্যবসা করেছে, বর্তমানেও তেমন কিছু লোক জুলাইকে পুঁজি বানিয়ে বিভিন্নভাবে লাভবান হওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। সভায় সমিতির সভাপতি তারিক আহমদ জুলাই শহীদ ওয়াসিম আকরাম ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন সমিতির জন্য জায়গা প্রদান করায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে চেম্বার সংকট নিরসনে জায়গা বরাদ্ধের জন্য প্রতিমন্ত্রীর কাছে দাবি জানান তিনি। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জুলাই বিপ্লবের উপর স্থির চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।












