নগরের খুলশী থানাধীন আমবাগান এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. শাহীন (৩৪) নামের এক নাশকতার পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (ডিবি–পশ্চিম) বিভাগ। গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো.শাহীন (৩৪) কুমিল্লার চান্দিনা উপজেলার সাতগাঁও (অজি বাড়ি) এলাকার মো. মজিবের ছেলে। তিনি নগরের খুলশী থানাধীন আমবাগান এলাকার সিরাজ মিয়ার বাড়িতে বসবাস করতেন। সিএমপির সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে আটটার দিকে আমবাগান এলাকায় অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাকারী এবং বিভিন্ন মামলার আসামি শাহীনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা বিদেশি পিস্তল ব্যবহার করে তিনি বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ ঘটনায় খুলশী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।












