সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল লিমিটেড

| বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১০:০৬ অপরাহ্ণ

৩০ জনের অধিক বিশেষজ্ঞ চিকিৎসকের অংশগ্রহণে ফ্রি চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন আড়াই হাজারের বেশি মানুষ

চট্টগ্রাম, ৫ আগস্ট ২০২৬: সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করে।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন বয়সী আড়াই হাজারেরও বেশি বন্যাদুর্গত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে ৩০ জনের অধিক বিশেষজ্ঞ চিকিৎসক অর্থোপেডিকস, মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, ডায়াবেটিস, নাক-কান-গলা (ইএনটি), গাইনি, শিশু, চক্ষু এবং চর্ম ও যৌনরোগ বিভাগের চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়া বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ এবং প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। একই সঙ্গে বিশুদ্ধ পানি পান, স্বাস্থ্যবিধি মেনে চলা, পুষ্টি এবং বন্যা-পরবর্তী রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম। তিনি বলেন, “পার্কভিউ হাসপাতাল শুধু একটি চিকিৎসা প্রতিষ্ঠান নয়, এটি মানুষের পাশে থাকার একটি অঙ্গীকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানবিক দায়িত্ব পালনে পার্কভিউ হাসপাতাল মানুষের পাশে থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিলাইশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস. এম. কামরুজ্জামান। তিনি বলেন, “বন্যার মতো দুর্যোগে দ্রুত চিকিৎসাসেবা মানুষের সবচেয়ে বড় প্রয়োজন। পার্কভিউ হাসপাতাল লিমিটেডের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। দেশের অন্যান্য প্রতিষ্ঠানও এ ধরনের সামাজিক উদ্যোগে এগিয়ে এলে দুর্যোগ মোকাবিলা আরও সহজ হবে।”

চিকিৎসা ক্যাম্পে সেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. এটিএম রেজাউল করিম, ডা. আহাম্মদ রহিম, ডা. এস. এম. নাছির উদ্দিন, ডা. মোহাম্মদ মইনুদ্দিন চৌধুরী, ডা. মিনহাজুল হক, ডা. নূরুল আলম, ডা. নবিব সিকদার, ডা. খোরশেদ আনোয়ার, ডা. মো. আশরাফুল হোসাইন, ডা. সালাহউদ্দিন এম. এইচ. চৌধুরী, ডা. নাসির উদ্দিন, ডা. সুজয় বড়ুয়া, ডা. ইসরাত জাহান মেরিন, ডা. ওমর ফারুক, ডা. ইমন মহাজন, ডা. ইব্রাহিম, ডা. মোহাম্মদ শাফায়েত, ডা. মো. রায়হান উদ্দিন, ডা. মোহাম্মদ জহির, ডা. ঈশিতা আইরিন, ডা. রাশেদা খানম (মিলি), ডা. ফাতিমা ফারহানা-সহ ৩০ জনের অধিক বিশেষজ্ঞ চিকিৎসক।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং পার্কভিউ হাসপাতাল লিমিটেডের মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিজাম উদ্দীন, কর্মকর্তা আব্দুস সোবহান, মশিউর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবা গ্রহণকারী বন্যাদুর্গত মানুষ পার্কভিউ হাসপাতাল লিমিটেডের এ মানবিক উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, পার্কভিউ হাসপাতাল লিমিটেড দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসাসেবার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প, জনসচেতনতামূলক স্বাস্থ্য কার্যক্রম এবং বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা প্রদান করে আসছে। সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

পূর্ববর্তী নিবন্ধবাল্য বিয়ের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে