আন্ডারওয়্যারে দুই কোটি ৬৫ লাখ টাকার স্বর্ণ, দুবাই ফেরত যাত্রী আটক

শাহ আমানত বিমানবন্দর

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো একটি বড় ধরনের স্বর্ণের চোরাচালান ধরা পড়েছে। ভারতীয় এক নাগরিকের কাছ থেকে প্রায় এক কোটি টাকার স্বর্ণ আটকের পর গতকাল দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের ১ হাজার ৩৮৭ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীর তল্লাশি করে স্বর্ণের চালানাটি আটক করা হয়। আটক যাত্রীর নাম মোহাম্মদ তুষার। তিনি কুমিল্লা সদর উপজেলার দীঘলগাঁও এলাকার বাসিন্দা। সূত্র জানায়, গতকাল সোমবার সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি১৪৮ ফ্লাইটে আসা যাত্রী তুষারের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা স্বর্ণের চালান উদ্ধার করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ডিজিএফআই ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে এ স্বর্ণ জব্দ করা হয়। উক্ত যাত্রী প্রায় দেড় কেজি স্বর্ণ পাউডার ও পেস্ট আকারে আন্ডারওয়্যারের ভিতরে লুকিয়ে নিয়ে আসে। পরবর্তীতে স্বর্ণকারের পরীক্ষার পর প্রকৃত স্বর্ণের পরিমাণ ১ হাজার ৩৮৭ গ্রাম পাওয়া যায়। যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ৬৫ লাখ ২৬ হাজার টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার করা স্বর্ণের চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সমন্বিত নজরদারি অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসামাজিক মাধ্যমে সন্ত্রাসী রায়হানের পোস্ট নিয়ে আলোচনা
পরবর্তী নিবন্ধপরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতে একাদশে ভর্তি