বন্দর থানা এলাকায় একনলা বন্দুকসহ গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ৫:১৬ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানা পুলিশ একটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ দুই জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার রাত ১১টা নাগাদ ৩৬ নম্বর ওয়ার্ডের হাশেম সওদাগর মসজিদের বিপরীতে বন্দর২ নম্বর গেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি সিএনজিচালিত টেক্সি তল্লাশি করতে গেলে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে তল্লাশি চালিয়ে মো. মিজানুর রহমান ওরফে বাবুলের (৫২) কাঁধে থাকা একটি ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। বাবুল সাতকানিয়ার মৃত এনামুল হকের ছেলে। অপরজন ফেনীর ছাগলনাইয়ার মৃত তোফাজ্জল হকের পুত্র মো. শহিদুল আলম ওরফে সোহাগ (৪৭)। বর্তমানে তারা দুজনই বন্দর থানার পোর্ট কলোনি এলাকায় বসবাস করেন। পুলিশ বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ব্যক্তি স্বীকার করেছেন যে, নগরীতে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সাতকানিয়া এলাকার একটি অজ্ঞাত স্থান থেকে অস্ত্রটি সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, মিজানুর রহমানের বিরুদ্ধে মাদক ও নারীশিশু নির্যাতন আইনের চারটি এবং শহিদুল আলম ওরফে সোহাগের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের দুটি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এটি কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কিনা, সে বিষয়েও তদন্ত চলছে বলেও বন্দর থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএমপির ওপেন হাউজ ডে
পরবর্তী নিবন্ধটিসিবির লাইনে ধসে পড়ল কলেজের দেয়াল, মৃত্যু ২