বোয়ালখালীতে বড় ভাইকে কুপিয়ে মারল ছোট ভাই

তর্কের মাঝে কোদাল এনে দেন মা

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ৪:২০ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার শাকপুরার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামে এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের আছু তালুকদার বাড়ির মৃত আবদুল হামিদের ছেলে। অভিযুক্ত ছোট ভাই জামাল উদ্দিন সুমন একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, জায়গা জমির বিরোধ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নেজাম সুমনকে ধাক্কা দেয়, পরবর্তীতে তার মা একটা কোদাল এনে ছোট ছেলেকে দিলে, সে ওই কোদাল দিয়ে বারি মারার সাথে সাথে নেজাম মাটিতে লুটিয়ে পড়ে। এ অবস্থায় সুমন কোদাল দিয়ে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে মৃত অবস্থায় নেজাম নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার মাথার পেছনে গভীর ক্ষত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় একাধিক পুলিশের টিম কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে সাত বছরে সড়কে নিহত ৭ হাজারের বেশি শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধসরোয়ার আলমগীর এমপি থাকতে পারবেন?