দেশে ২০২৫ সালে ২৪২ কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে বাংলাদেশ মহিলা পরিষদের এক জরিপে উঠে এসেছে। এর মধ্যে ছয় থেকে নয় বছরের ৮৬ কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। দুই থেকে ১৮ বছরের মধ্যে এ বয়সের শিশুরাই বেশি ধর্ষণের শিকার। এর পরের অবস্থানেই রয়েছে ১০–১৩ বছরের শিশুরা। এ বয়সের ৭০ শিশু ধর্ষণের শিকার হয়েছে গত বছর। ১৪টি জাতীয় দৈনিক পত্রিকার প্রতিবেদন বিশ্লেষণ করে এই চিত্র পাওয়ার কথা বলছে মহিলা পরিষদ। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতন চিত্র–২০২৫’ শিরোনামের এই জরিপের ফলাফল তুলে ধরে সংগঠনটি। খবর বিডিনিউজের। জরিপে উঠে এসেছে, ২–৫ বছরের ৪১ শিশু, ১৪ থেকে ১৮ বছরের ৪৫ শিশু ধর্ষণের শিকার হয়েছে। অপরদিকে ২–১৮ বছরের ৬৫ শিশু ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। যৌন সহিংসহতার শিকার হয়েছে এই বয়সের ৫৩ শিশু। মহিলা পরিষদের সিনিয়র প্রশিক্ষণ ও গবেষণা কর্মকর্তা আফরুজা আরমান জরিপের ফল তুলে ধরেন। প্রতিবেদনে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানির পাশাপাশি হত্যা, আত্মহত্যা, যৌতুক ও বাল্যবিবাহসহ বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে।












