যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, ইসরায়েল এবং গাজা যুদ্ধ নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার কারণে তিনি ও তার স্ত্রী হত্যার হুমকি পেয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, মৃত্যুর হুমকির জন্য প্রস্তুত থাকা কঠিন। তবে আপনি যখন সবার জন্য উঠে দাঁড়াতে প্রস্তুত থাকবেন, তখন তার কিছু পরিণতি থাকবে। তিনি আরও বলেন, নিউ ইয়র্ক রাজ্যের আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করার সময়ও তিনি একই ধরনের হুমকি পেয়েছিলেন। খবর বিডিনিউজের।
এ প্রসঙ্গে মামদানি ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার সমালোচনা এবং ফিলিস্তিনিদেরকে হত্যার বিরুদ্ধে তার অবস্থানের কথা উল্লেখ করেন। তিনি জানান, মেয়র হওয়ার আগে থেকে প্রাণনাশের হুমকি আসা শুরু হয়েছে এবং দায়িত্ব নেওয়ার পরও তা অব্যাহত রয়েছে। মামদানি এও জানান যে, ইসরায়েল ও গাজা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশের কারণে তার স্ত্রীও সমালোচনার শিকার হয়েছেন এবং হুমকি পেয়েছেন। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’কে দেওয়া আলাদা এক সাক্ষাৎকারে নিউ ইয়র্কের মেয়র বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কারণে তার বিচার ‘দ্য হেগ’ এ হওয়া উচিত।












