ইরান ও হুতিদের কঠোর শাস্তির হুমকি ট্রাম্পের

লোহিত সাগরে তেলের ট্যাংকারে হামলা

| শনিবার , ২৫ জুলাই, ২০২৬ at ৯:৩৩ পূর্বাহ্ণ

লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার পর ইরান ও তাদের ইয়েমেনি সহযোগী হুতিদের ‘কঠোর সামরিক শাস্তি’ দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রয়টার্স লিখেছে, ইয়েমেনি যোদ্ধাদের ওই হামলার মধ্য দিয়ে পশ্চিম এশিয়ার যুদ্ধ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি প্রধান নৌপথে ছড়িয়ে পড়ল। এদিকে বিশ্ব বাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। খবর বিডিনিউজের।

মে মাসের পর প্রথমবারের মত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৬ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়েছে। অস্থায়ী যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর টানা ১৩ দিন ধরে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবার গভীর রাত ও শুক্রবার ভোরেও ইরানে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। জবাবে প্রতিবেশী যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চার মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের প্রধান কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালির কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

পূর্ববর্তী নিবন্ধচীনে ভূমিধসে ১১ জনের প্রাণহানি, নিখোঁজ ৫০
পরবর্তী নিবন্ধগাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় মামদানি ও তার স্ত্রীকে হত্যার হুমকি