ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়িতে হালদা নদীর পাড় থেকে মানুষের একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার হারুয়ালছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নয়াহাট এলাকায় এ ঘটনা ঘটে। বিচ্ছিন্ন হাতটি উদ্ধারের পর থেকে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও চাঞ্চল্য বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরের দিকে নয়াহাট এলাকায় হালদা নদীর পাড়ে মানুষের একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দিলে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধার করে।
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে হালদা নদীর পাড় থেকে বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, গত ২–৩ দিনের মধ্যে হাতটি শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। উদ্ধারকৃত হাতটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর এবং হাতটির ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আশেপাশের এলাকায় সামপ্রতিক সময়ে নিখোঁজ হওয়া ব্যক্তিদের তালিকাও যাচাই করা হচ্ছে।












