চট্টগ্রামে তিন দিনব্যাপী ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে। চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের ইনডোর জিমনেসিয়ামে ২৫ জুলাই পর্যন্ত এ টুর্নামেন্ট চলবে। ১৬টি দল এ টুনামেন্টে অংশ নিচ্ছে। টুর্নামেন্টটির সার্বিক আয়োজন ও পরিচালনায় রয়েছে স্পোর্টিফাই ইভেন্টস। টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে গত ২০ জুলাই এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম অঞ্চলের অংশগ্রহণকারী ১৬টি ক্রিকেট একাডেমির প্রধান কোচরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সিরাজউদ্দিন মো. আলমগীর। এ সময় টুর্নামেন্টের বাইলজ, ড্র ও ম্যাচের সময়সূচি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়। টুর্নামেন্টে ১৬টি একাডেমি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ৮ ওভারের গ্রুপ পর্বের ম্যাচ। ২৫ জুলাই সকালে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। একই দিন বিকেলে দুটি সেমিফাইনাল এবং সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে ফাইনাল। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে ১০ ওভারের ফরম্যাটে। টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ‘ইমপ্যাক্ট সাবস্টিটিউশন’ নিয়ম। পাশাপাশি প্রিমিয়ার ও প্রথম বিভাগ লিগের খেলোয়াড়দের বাইরে রেখে স্থানীয় পর্যায়ের খাঁটি উদীয়মান ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। সমন্বয় সভায় টেকনিক্যাল কমিটির সদস্য জয়নাল আবেদীন ও সারোয়ার হোসেন বাবু এবং টুর্নামেন্ট কমিটির অন্যতম সদস্য ফজলে দাইয়ানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।












