বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অনেক দিন পর সম্ভাব্য সেরাদের নিয়েই অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির এই স্কোয়াড। অধিনায়ক প্যাট কামিন্স যেমন ফিরেছেন চোট কাটিয়ে, তেমনি আবার বল হাতে ছুটবেন জশ হেইজেলউড ও ন্যাথান লায়ন। আছেন গত মৌসুমে অসাধারণ পারফর্ম করা মিচেল স্টার্ক। দুই ম্যাচের জন্য মাত্র ১৩ জনকে রাখা হয়েছে স্কোয়াডে। যেটির মানে, কোনো ম্যাচেই সেভাবে পরীক্ষা–নিরীক্ষার পথ বেছে নিচ্ছে না অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্ট। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের সঙ্গে বাংলাদেশের এই লড়াই শুরু হচ্ছে আগামী ১৩ অগাস্ট ডারউইন টেস্ট দিয়ে। পরের টেস্ট ম্যাকাইয়ে ২২ অগাস্ট থেকে। এই সিরিজ দিয়ে ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বললেন, মূল বোলিং আক্রমণকে একসঙ্গে ফিরে পেয়ে তারা রোমাঞ্চিত। এই সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়নি এখনও।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জেইক ওয়েদেরল্ড, বাউ ওয়েবস্টার।












