কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বর্ষার শুরু থেকে পানি ও মশাবাহিত নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। সমপ্রতি টানা বর্ষণ ও জলাবদ্ধতার পর ডায়রিয়া, ডেঙ্গু, জন্ডিস, টাইফয়েড এবং বিভিন্ন চর্মরোগের প্রকোপ বেড়েছে। এসব রোগে আক্রান্তদের সেবা দিতে চাপ সৃষ্টি হচ্ছে উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে। অতিরিক্ত রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্টরা।
বৃর্ষা শুরুর পর গত জুন মাস থেকে কুতুবদিয়ায় পানি ও মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়। সম্প্রতি টানা ভারি বৃষ্টিপাত ও সাগরের পানি জমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির সংকটের কারণে অনেক পরিবার বাধ্য হয়ে দূষিত পানি পান ও ব্যবহার করছে। বৃষ্টি থামলেও জলাবদ্ধতা থেকে সহজে মুক্তি মেলেনি অনেকের। এতে শিশু ও বয়স্কদের মধ্যে ডায়রিয়া, জন্ডিস ও অন্যান্য পানিবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। জমে থাকা পানি মশার প্রজনন ক্ষেত্র তৈরি করায় ডেঙ্গুর ঝুঁকিও বেড়ে গেছে। এরমধ্যে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ডায়রিয়া।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, গত জুন মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৪৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন। চলতি মাসেও এর কাছাকাছি রোগী ভর্তি হয়। রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় হাসপাতালের শয্যা সংকট দেখা দিয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, প্রতিদিন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে হচ্ছে। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সীমাবদ্ধতা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মারুফ বলেন, টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও অস্বাস্থ্যকর পরিবেশই রোগ বৃদ্ধির প্রধান কারণ। ডায়রিয়া ও ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা চালু রয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সামপ্রতিক দুর্যোগে কুতুবদিয়ায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে মানুষ নানাভাবে দুর্ভোগের শিকার হয়েছেন। তার মধ্যে রোগবালাইয়ে মানুষ বেশি আক্রান্ত হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।












