চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার একটি জুতা কারখানায় কর্মরত এক নারী কর্মচারী চীনা টেকনিশিয়ানের কক্ষ থেকে নগদ টাকা, মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া অর্থের একটি অংশ ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে পুলিশ।
ইপিজেড থানা পুলিশ জানায়, গত ১৫ জুলাই সিইপিজেডের এক্সেলসিয়র সুজ লিমিটেড কারখানার চীনা নাগরিকদের জন্য নির্ধারিত কক্ষ থেকে প্রতিষ্ঠানের টেকনিশিয়ান চীনা নাগরিক ওয়াং দুনয়ুনের নগদ ২ হাজার ৫০০ মার্কিন ডলার, ১ লাখ ৫০ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক ডেবিট কার্ডসহ বিভিন্ন মালামাল চুরি হয়। ঘটনার পর কারখানার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একই প্রতিষ্ঠানের কর্মচারী মোছা. নাজিরা আক্তার (৩১) চুরির সঙ্গে জড়িত বলে শনাক্ত হন। তিনি হবিগঞ্জ জেলার আজমীরিগঞ্জ উপজেলার বারিক নগরের বাসিন্দা এবং বর্তমানে চট্টগ্রাম নগরের বন্দর থানার মহসীন কলোনি এলাকায় বসবাস করছিলেন। এ ঘটনায় কারখানার এইচআর ম্যানেজার মো. শাকিল বাদী হয়ে গত ১৯ জুলাই ইপিজেড থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) আব্দুল ওয়াদুদ চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার হবিগঞ্জ জেলার আজমীরিগঞ্জ থানার বারিক নগর এলাকায় অভিযান চালান। এ সময় অভিযুক্তের বাড়ি থেকে নগদ ৯২ হাজার টাকা, ১ হাজার ৪১৭ মার্কিন ডলার এবং চুরি হওয়া অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া নাজিরা আক্তারকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ইপিজেড থানা পুলিশ।












