চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন আহুত ৪৮ ঘণ্টার ‘লক আউট’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। সিটি মেয়র ও সিএমপির অতিরিক্ত কমিশনারের সঙ্গে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হয় বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল সোমবার বিকেলে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সড়ক মহাসড়কে পণ্য পরিবহন খাতের প্রাইম মুভার ট্রেইলার, ফ্লাটবেড, লো বেড, সেমি লো বেড, ক্রেন ও হেভি ইকুইপমেন্টের ওপর অগ্রীম আয়কর অন্যায্য ও অসহনীয়ভাবে ৫০ হাজার টাকা বাড়ানো হয়েছে। তাই এগার দফা দাবি আদায়ের জন্য আমরা মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার লক আউট কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমাদেরকে মাননীয় সিটি মেয়র এবং সিএমপি কমিশনার আলোচনার জন্য দাওয়াত দিয়েছিলেন। আমরা সিএমপি সদর দপ্তরে অতিরিক্ত কমিশনার সৈয়দ ওয়াহিদুল হক সাহেবের সাথে বৈঠক করেছি। ওখানে তিনি তাৎক্ষণিকভাবে আমাদের দুইটি দাবির সুরাহা করে দিয়েছেন। আমাদের দাবির মধ্যে আগের রেজিস্ট্রেশন করা প্রাইম মুভার ট্রেইলার বিআরটিএ কর্তৃক একই রেজিস্ট্রেশনের আওতায় আনা ও কনটেইনারবাহী ২০ ফুট গাড়ির নামে ফ্লাটবেড উল্লেখ করা এবং বিআরটিএ কর্তৃক চালকদের একবারেই পেশাদারি ভারী লাইসেন্স দেওয়া হবে বলে সিএমপির অতিরিক্ত কমিশনার আশ্বস্ত করেছে। বাকি দাবিগুলোর ব্যাপারেও এক মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন। পরবর্তীতে আমরা মেয়র মহোদয়ের সাথে সাক্ষাৎ করি। আমাদের অ্যাসোসিয়েশনের নের্তৃবৃন্দ মেয়র এবং সিএমপির অতিরিক্ত কমিশনার সাহেবের সাথে ত্রিপক্ষীয় বৈঠক করে সন্তুষ্ট হয়েছেন। এতে করে আমাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
১১ দফার মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বাতিলযোগ্য সাংঘর্ষিক ধারা, উপধারা সংশোধন, প্রাইম মুভার ও ফ্লাটবেড গাড়ির জন্য ওজন ও মাইলের ভিত্তিতে ভাড়া নির্ধারণে সরকারি নীতিমালা প্রণয়ন, পুলিশি হয়রানি বন্ধ, ট্যাঙ টোকেন, রুট পারমিটসহ বিভিন্ন করের ওপর ভ্যাট ও ফি প্রত্যাহার করে একক ডকুমেন্টের আওতায় আনা, ভাড়ায় চালিত গাড়ির অগ্রীম আয়কর ১০ হাজার টাকায় নামিয়ে আনা, স্কেল লোড একই নীতিমালার অন্তর্ভুক্ত করা ও ব্রিজে লোড কনট্রোল নামে চাঁদাবাজি বন্ধ, বন্দর এলাকায় প্রাইম মুভার ট্রেইলার টার্মিনাল দেওয়া ইত্যাদি। বন্দর থেকে আমদানি রপ্তানি পণ্যের কনটেনার ও ভারী পণ্য, যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল পরিবহনে প্রাইম মুভার ট্রেইলার ও ফ্লাটবেডের বিকল্প নেই। এ খাতে ২৪ ঘণ্টার লক আউট কর্মসূচি স্থগিত করায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন বন্দর ব্যবহারকারী, আমদানি ও রপ্তানিকারকসহ সংশ্লিষ্টরা।












