ইরানে সোমবার টানা নবম দিনের মতো হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে এবং সেগুলো অচল হয়ে পড়েছে। ঘটনার পর গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথ দিয়ে বাণিজ্য জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ আরও বেড়েছে। খবর বিডিনিউজের। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রণালির গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা দুর্বল করতে তারা নতুন দফায় এই হামলা শুরু করেছে। অন্যদিকে, ইরানের আধা–সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, সোমবার ভোরে দেশটির তাবরিজ, চাবাহার, কোনারাক, বন্দর মাহশাহর এবং বন্দর ইমাম খোমেইনিসহ বেশ কয়েকটি শহরে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।












