ইরানের সব বন্দরে আবারও নৌ অবরোধ আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুর মতো অবকাঠামোতে হামলা চালাবে মার্কিন বাহিনী। খবর বিডিনিউজের।
রয়টার্স এক প্রতিবেদনে লিখেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন করে তীব্রতা পাওয়ার পর এটি ওয়াশিংটনের সর্বশেষ বড় পদক্ষেপ। এদিকে ইরানের বিভিন্ন স্থাপানায় আরো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী বলছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা করার যে সক্ষমতা তেহরানের রয়েছে, তা দুর্বল করাই হামলার লক্ষ্য।
অন্যদিকে তেহরান জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের সংঘাত শুরু হওয়ার পর তারা আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। কয়েক মাসের সংঘাতের পর গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে ভঙ্গুর যুদ্ধবিরতি হয়েছিল, নতুন উত্তেজনায় তাও অনিশ্চয়তার মুখে পড়েছে।












